
আগামী কয়েকদিনের
জন্য রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর)
সকালে রংপুর জেলা বাস মালিক সমিতি থেকে এতথ্য জানানো হয়।
শুক্রবার রাজশাহী
থেকে রংপুরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি।
এরআগে বৃহস্পতিবার
(২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
শুক্রবার ও শনিবার আর কোনো বাস চলাচল করবে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
বাস মালিক শ্রমিকদের
ভাষ্য, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ
ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর)
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, গণসমাবেশে
মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুদিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও যাবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদের রংপুরে বাস না চালানোর জন্য বলা হয়েছে। এ কারণে তারা বাস চলাচল দুদিন বন্ধ রাখবেন।

