
প্রাণঘাতি করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল
কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার
(১৩ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী
বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি চারজন মারা গেছেন উপসর্গে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন রয়েছেন।
এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে
রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন নয় জন। সুস্থ হয়ে বাড়ি
ফিরেছেন ২০ জন। রামেকে করোনা পজিটিভ হয়ে ৪৭ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন
৮২ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১২৯ জন।
এদিকে রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা
ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে
৯৪টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর
মেশিনে ২২০ জনের নমুনা পরীক্ষায় নয় জনের করোনা করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে
শনাক্তের হার ৮ দশমিক ০৯ শতাংশ।

