
রাজধানীর রামপুরায় তেলবাহী ট্রাকের ধাক্কায় আবু নাসের নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রামপুরা ফরাজি হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে,
সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাসের। রামপুরা ফরাজি হাসপাতালের সামনে
বিপরীত দিক দিয়ে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে যান তিনি। পরে ট্রাকের
চাকায় পিষ্ট হন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই
ঘটনায় তেলবাহী ট্রাক জব্দ এবং চালক নুরুল ইসলাম ও সহকারী ইমরান হোসেনকে আটক করা হয়েছে।
দুই মেয়ে ও
এক ছেলের জনক আবু নাসের গুলশানের একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।

