
রাজধানী থেকে চেতনা নাশক ঔষধ ও অন্যান্য বিষাক্ত উপাদানসহ অজ্ঞান পার্টি ও মলম পার্টির চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
শুক্রবার সাড়ে ৪টার দিকে হাজারীবাগ থানার বেড়ীবাধ এলাকার শিকদার ফিলিং স্টেশনের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ বরকত উল্লা, মোঃ রনি , মোঃ ইয়াছিন হোসেন খান ও মোঃ ইমরান হোসেন ওরফে কচি।
ডিবি লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম (বার), পিপিএম জানান, শুক্রবার চেতনা নাশক ঔষধ, স্প্রে, মলম ও মরিচের গুড়াসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপেজ থেকে টার্গেট করে যাত্রীবাহী বাসে তারা যাত্রী বেশে উঠত। পরবর্তীতে সুকৌশলে টাগের্টকৃত যাত্রীর চোখে মুখে মলম, মরিচের গুড়া, পেইন কিলার স্প্রে করে অথবা কৌশলে চেতনা নাশক এপিট্রা ট্যাবলেট সেবন করিয়ে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়।
হাজারীবাগ থানায় দায়েরকৃত মামলায় গ্রপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

