
রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া শেখদী মেম্বারের
গলি এলাকার একটি বাসায় মো. সোহেল (৩৫) নামের এক টাইলস মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
করেছেন।
শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টার
দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের
জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টায় দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল মোতালেব জানান, তার
ছেলে টাইলস মিস্ত্রির কাজ করতো, সে মাদকাসক্ত ছিল। আজ একবার সে তিনশো টাকা নেয়, পরে
আবার টাকা চাইলে না দেওয়ায় অভিমান করে নিজ কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে
গলায় ফাঁস দেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে, পরে
অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের
লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামে। থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। নিহত ব্যক্তির
দুই বোন ও এক ছেলে সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ
(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের
জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

