
রাজধানীর গুলশান
থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের
গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তাররা হচ্ছেন মো. রাজিব, জাহাঙ্গীর আলম ও সজিব মিয়া। অভিযানে
তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে
তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা (গুলশান)
বিভাগের সহকারী কমিশনার বার্নাড এরিক বিশ্বাস বলেন, গুলশান থানার প্রগতি সরণি শাহজাদপুর
বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন,
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে মাইক্রোবাসে রাজধানীর
রামপুরা ব্রিজের দিকে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায়
মাইক্রোবাসটি তল্লাশি করার সময় মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার
করা হয়। পরে মাইক্রোবাস থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

