Logo
শিরোনাম

রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৫০) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হোসেন জানান, তিনি শাহবাগ থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত। আদালত থেকে কাজ শেষে রাতে বাসযোগে গুলিস্তানে এসে নামেন। রাস্তাপার হয়ে টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে পেছন থেকে একজন ছুরিকাঘাত করেন।

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাইদ হাছান জানান, ঘটনার সময় আমরা ওই পুলিশ সদস্যের পেছনে ছিলাম। হঠাৎ এক যুবক খালি গায়ে ও লুঙ্গি পরিহিত অবস্থায় এসে ওই পুলিশ সদস্যকে পিঠে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ সদস্য পিঠে ছুরিটা ঝুলছিল। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত এসআই জাহাঙ্গীর মিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, গুলিস্তান এলাকায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার চিকিৎসার পাশাপাশি বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।


আরও খবর