Logo
শিরোনাম

প্রতারণা: রাবির দুই শিক্ষার্থী ১ দিনের রিমান্ডে

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷ চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়৷

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা আ ফ ম আল কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ফ ম আল কিবরিয়া বলেন, চলতি বছরের জানুয়ারিতে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়। তাদের মামলা নম্বর ৬৬। এরই প্রেক্ষিতে গত রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট একটি অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং সোমবার রাবির দুই শিক্ষার্থীসহ নাটোরের রবিন নামের একজনকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’

ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ফেসবুক পেইজ থেকে জানানো হয়, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো আইডি হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও ম্যাসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলে।

এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ নভেম্বর সকালে রাজশাহীর চন্দ্রিমা থানাধীন চরপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়। তারপর থেকে তারা নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে একজন নাটোর জেলার শাকিব খান। অন্যজন যশোর জেলার রেজোয়ান ইসলাম। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।


আরও খবর