
পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনির মিশ্রণ ঘটিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অমিতাভ বচ্চন ও নাগার্জুন।
বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবির ঘোষণার করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট । পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলোজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।
বেনারসের পাশাপাশি বুলগেরিয়াতেও ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং হয়েছে। সময়ের সঙ্গে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন এবং নাগার্জুনের মতো তারকা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তাঁর। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে।
‘ব্রহ্মাস্ত্র’র তিনটি
পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায়
রয়েছেন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। ক্যামিও
চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। শোনা গিয়েছে, বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে।
শোনা যায়, এই ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর ও আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল
সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। সেদিন ছবির সামান্য ঝলক প্রকাশ করেছিলেন পরিচালক অয়ন।
এতদিনে প্রকাশ্যে এল ট্রেলার। সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি
পাবে আগামী ৯ সেপ্টেম্বর।

