
চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন
হয়রানির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের
বিরুদ্ধে দায়ের করা মামলায় নারাজি (অভিযোগপত্র মানি না) আবেদন নামঞ্জুর করে অভিযোগপত্র
গ্রহণ করেছেন আদালত। এর ফলে মামলাটিতে আসামির সংখ্যা আর বাড়ছে না।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামি শহীদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরীমণির আইনজীবী নীলাঞ্জানা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১ ডিসেম্বর) বিকালে ঢাকার
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত বাদীপক্ষের
আইনজীবী অভিযোগপত্রের ওপর নারাজি দাখিল করেন। পরবর্তী শুনানি শেষে আদেশ বিষয়ে আজ সোমবার
(১৩ ডিসেম্বর) দিন ধার্য করেন।
নারাজির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ
হোসেন ঢালী বলেন, ‘মামলার কিছু গুরুত্বপূর্ণ
সাক্ষী, সিসি ফুটেজের কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে
ক্ষুব্ধ হয়ে নারাজির আবেদন করেছেন।’
গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা
পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায়
পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

