Logo
শিরোনাম

পরীমনির জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৩২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে নিম্ন আদালতের আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

এর আগে ২২ আগস্ট ওই মাদক মামলার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন নিম্ন আদালত। এ আদেশ চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে আবেদন করেন পরীমিণি। আবেদনে জামিনও চান পরীমণি। পরীমণির পক্ষে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তার আগের দিন, ২১ আগস্ট পরীমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৯ আগস্ট পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।


আরও খবর