Logo
শিরোনাম

পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ইডি’র চার্জশিট

প্রকাশিত:বুধবার ১৩ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের পশ্চিমবঙ্গে আটক দেশের আর্থিক খাতের অন্যতম বড় কেলেঙ্কারির নায়ক প্রশান্ত কুমার ওরফে (পি কে) হালদারসহ ৬ জন এবং তার দুই সংস্থার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। মঙ্গলবার (১২ জুলাই) কলকাতার ব্যাংকশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়।

উল্লেখ্য, পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে শিবশঙ্কর হালদার পরিচয়ে ভারতীয় নাগরিকত্ব নেন তিনি। এ ছাড়া ভারতে একাধিক অভিজাত বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি।

অবশেষে শনিবার (১৪ মে) অভিযান চালিয়ে পিকে হালদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)। পরে তাদের দফায় দফায় জেরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ভারতে পি কের ৩০০ কোটি রুপির সম্পত্তি, ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায়।

এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩ প্রিভেনশন অব মনিলন্ডারিং অ্যাক্টে প্রশান্ত কুমার হালদারসহ ৬ জন, পি কের দুই সংস্থার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে চার্জশিট জমা দিয়েছে।

দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেন পি কে হালদার। দুদক তার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে। এসব মামলায় এক ডজনেরও বেশি ব্যক্তি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১১ জন দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

নিউজ ট্যাগ: পি কে হালদার

আরও খবর