Logo
শিরোনাম

পীরগঞ্জে শিশুর গলা কেটে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে এক গ্রামপুলিশের ছেলে আবির মিয়া (৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে নদীতে গোসল করার সময় বিটুল হোসেন নামে এক যুবক শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমেদপুর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য সবুজ মিয়ার দুই ছেলে আদনান মিয়া (৮) ও আবির মিয়া (৬)। ওই দুভাই সোমবার দুপুর ১২টার দিকে রসুলপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী আখিরা নদীতে গোসল করছিল। এ সময় একই গ্রামের বাটুলের ছেলে বিটুল হোসেন (২২) শিশু আবিরকে নদীর তীরে তুলে অতর্কিতে তার হাতে থাকা ঘাস নিড়ানী (পাসুন) দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করে। এ সময় শিশুটির বড় ভাই আদনানের চিৎকারে এলাকাবাসী বিটুলকে আটক করে মারপিট করে। পরে বিটুলকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম উদ্ধার করে পরিষদের একটি কক্ষে আটক রাখে।

খবর পেয়ে পীরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিটুলকে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই নুর আলম গুরুতর আহত হন।

অন্যদিকে আহত ওই শিশুকে সোমবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন শিশু আবির মারা যায়। পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, আটককৃত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর