
নবনির্মিত পায়রা
সেতুর (লেবুখালী সেতু) নাম ৬৯-এর গণঅভ্যুত্থানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিনের নামে
নামকরণ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে বরিশালে। পরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি
প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে
শহীদ আলাউদ্দিনের স্মৃতিরক্ষায় ঐক্যবদ্ধ বরিশালবাসী নামক ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির
আয়োজন করা হয়।
শহীদ আলাউদ্দিন
স্মৃতি সংসদের সভাপতি খান আলতাফ হোসেন ভুলু বলেন, বরিশালে ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম
শহীদ ছিল বরিশাল একে স্কুলের ছাত্র পটুয়াখালীর সন্তান আলাউদ্দিন। ৬৯ সালের ২৮ জানুয়ারি
বরিশাল শহরে ১৪৪ ধারা ভেঙে মিছিলে বের হয়ে গুলবাগ হোটেলের মোড়ে ইপিআরের গুলিতে মারা
যান তিনি। দক্ষিণাঞ্চলের এই বীরসন্তান আলাউদ্দিনের স্মৃতিতে বরিশালে কোনো স্থাপনা বা
প্রতিষ্ঠানের নামকরণ করা হয়নি।
তিনি বলেন, সাম্প্রতিক
সময়ে বরিশাল ও পটুয়াখালীর সংযোগস্থল পায়রা নদীর উপরে লেবুখালি সেতু নির্মিত হয়েছে;
যার উদ্বোধন আগামী অক্টোবর মাসে হবে বলে শোনা যাচ্ছে। এই সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের
নামে করে তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে জাতি হিসেবে আমাদের দায়িত্ব পালন
করা হবে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল লেবুখালি সেতুর নামকরণ শহীদ আলাউদ্দিনের নামে করার দাবিতে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

