Logo
শিরোনাম

পাকিস্তানের সামনে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশিত:সোমবার ০৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিরাট কোহলির রেকর্ড হাফসেঞ্চুরির ওপর ভর করে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে ভারত।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। আসরের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। যেখানে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ৫.১ ওভারেই ৫৪ রান তোলেন তারা। অবশেষে এই জুটি ভেঙে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন হারিস রউফ। তার বলে রোহিত তুলে মারতে গিয়ে খুশদিল শাহর ক্যাচে পরিণত হন। ১৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করেন ভারতীয় অধিনায়ক।

পরের ওভারেই বিদায় নেন আরেক ওপেনার রাহুল। শাদাব খানের বলে মারতে গেলে বাউন্ডারিতে মোহাম্মদ নওয়াজের কাছে ক্যাচ দেন এই ডানহাতি। ২০ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৮ রান করেছেন রাহুল।

আক্রমণাত্মক শুরু করা সূর্যকুমার যাদবকে ব্যক্তিগত ১৩ রানে ফেরান স্পিনার মোহাম্মদ নওয়াজ। এরপর ১১তম ওভারে দলীয় শতকের দেখা পায় ভারত।

ঋষভ পন্থকে বিদায় করেন শাদাব খান। এই স্পিনারের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আসিফ আলীর কাছে ক্যাচ দেন ১৪ রান করা পন্থ। এরপর দ্রুত ফিরে যান হার্দিক পান্ডিয়াও। মোহাম্মদ হাসনাইনের বলে শূন্য রানে ফেরেন এই ভয়ঙ্কর ব্যাটার।

এদিন ব্যাটিংয়ে শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাট করে হাফসেঞ্চুরিও তুলে নেন এই তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এদিন ৩২তম ফিফটির দেখা পান কোহলি, যা যেকোনো ব্যাটার হিসেবে সর্বোচ্চ। তিনি এতদিন ৩১টি ফিফটি করে সতীর্থ রোহিত শর্মার সঙ্গে শীর্ষে ছিলেন। শেষ  অবধি এই ব্যাটার ৪৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৬০ রান করে রান আউট হন।

পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান শাদাব খান।

এর আগে গ্রুপ পর্বে ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান।


আরও খবর