
গাজীপুরের শ্রীপুরে দুখু মিয়া নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে তাকে গলা কেটে হত্যার পর উপজেলার জৈনা বাজার এলাকার রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত দুখু মিয়া (১৪) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।
শ্রীপুর উপজেলা
সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি বলেন, জৈনা বাজার-গাজীপুর সড়কের নগর হাওলা
গ্রামের গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেমের বাড়ি সংলগ্ন রাস্তায় ওই কিশোরের
লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত কিশোর নগর হাওলা গ্রামের প্রকৌশলী সুলতান মাহমুদের বাড়িতে
ভাড়া থেকে জৈনা বাজার ও আশপাশের সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তাকে গলা
কেটে হত্যা করে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা।
দুখু মিয়ার
বড় ভাই সজিব মিয়া বলেন, দুখু মিয়া আগে ঝালমুড়ি বিক্রি করতো। গত কয়েকদিন ধরে ভাড়া অটোরিকশা
চালাচ্ছে। তার সঙ্গে কারও শত্রুতা আছে কিনা আমরা জানি না।
শ্রীপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ধারণা করছি ওই কিশোরকে গলা
কেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার
করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

