
এ বছর মাঠে গড়াবে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর। বিগত আসরগুলোর ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে
মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে বিশ্বকাপ ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা।
গত বছর আরব আমিরাত
বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। মূল পর্বে কোনো জয়ই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের
দল। এবারের বিশ্বকাপ আরও কঠিন কন্ডিশনে- অস্ট্রেলিয়ায়। যেখানের কন্ডিশন বাংলাদেশের
জন্য দুরূহ। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি তখন সেটি আরো কঠিন। তাই বিশ্বকাপের
প্রস্ততি নিয়ে অ্যাডিলেড বা পার্থে ক্যাম্প করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন ক্রিকেট
অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, 'বিশ্বকাপের
আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ
ক্যাম্প হবে। আশা করছি কার্যকরী একটা ক্যাম্প হবে।
টি-টোয়েন্টির
ব্যাটিংয়ে বাংলাদেশের প্রধান দুর্বলতা পাওয়ার হিটিংয়ে। ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে
এমন দশা কাটাতে অনেক বোর্ডই চাচ্ছে পাওয়ার হিটিং কোচ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোচিং
প্যানেলে বেশ কিছু রদবদল এসেছে। পাওয়ার হিটিং কোচের ব্যাপারে জানতে চাইলে জালাল ইউনুস
বলেন, পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারটি আমাদের মাথায় আছে।'

