Logo
শিরোনাম

অর্ধশতাধিক তরুণ নিরুদ্দেশ, তালিকায় ৩৮ জন

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন বলেছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক তরুণ নিরুদ্দেশ হয়েছে। এরমধ্যে ১৯ জেলার ৩৮ জনের তালিকা করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, তারা প্রায় দেড় মাস থেকে দুই বছরের বেশি সময় ধরে নিরুদ্দেশ। তাদের কয়েকজনের পরিবার অবশ্য জানেন, তারা বিদেশে চাকরি করছেন। তারা নিয়মিত পরিবারকে অর্থ পাঠাত। মূলত তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এবং দুর্গম অঞ্চলে আত্মগোপনে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানান তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, জঙ্গি সম্পৃক্ততায় তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত সংগঠনের দাওয়াতি ও অর্থ সরবরাহকারী শাহ মো. হাবিবুল্লাহসহ পাঁচজনকে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি জানান, গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন নেয়ামত উল্লাহ (৪৩), মো. হোসাইন (২২), রাকিব হাসনাত ওরফে নিলয় (২৮) ও সাইফুল ইসলাম ওরফে রনি ওরফে জায়দ চৌধুরী।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫টি উগ্রবাদী বই, প্রায় তিনশ লিফলেট ও ৫টি ব্যাগ উদ্ধার করা হয় বলেও জানায় র‍্যাব। খন্দকার আল মঈন বলেন, হোসাইন এক বছর আগে, সাইফুল দেড় মাস এবং রাকিব দুই মাস আগে নিখোঁজ হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে আমরা ৩৮ জনের তথ্য পেয়েছি। পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে তারা বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় আত্মগোপনে থেকে প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যগুলো সব গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বাহিনীকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সম্মিলিত অভিযান চলছে।


আরও খবর