
ইউক্রেন-রাশিয়া
যুদ্ধের ভয়াবহ কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড তারকা ঊর্বশী রাউতেলা। ক'দিন
আগে এ অভিনেত্রী শুটিংয়ের জন্য ইউক্রেন গিয়েছিলেন। সেখানে ঊর্বশীর সময় যে ভালোই কাটছিল,
তা বোঝা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো ভিডিও দেখে। সেই ভিডিওর নিচে ঊর্বশী লিখেছেন,
'বিশুদ্ধ বাতাস সংগ্রহ করছি; সময়টা ভালো কাটছে। প্রকৃতিকে ভালোবাস ও মানুষকে ভালোবাস।'
কিন্তু তার এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয়নি ইউক্রেনে যুদ্ধের দামামা বেজে ওঠায়।
যুদ্ধ শুরুর
ঠিক দু'দিন আগেও সেখানে অবস্থান করছিলেন তিনি। তাই ইউক্রেন থেকে অক্ষত অবস্থায় ফিরতে
পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যুদ্ধের কবল
থেকে বেঁচে যাওয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম
থেকে জানা গেছে, ঊর্বশী ইউক্রেনে গিয়েছিলেন 'দ্য লিজেন্ড' নামে একটি ছবির শুটিংয়ের
জন্য। এই ছবির মাধ্যমেই দক্ষিণ ভারতীয় তামিল ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু যে
ভালো লাগা নিয়ে ছবির কাজ শুরু করেছিলেন, তা স্থায়ী হলো না যুদ্ধ পরিস্থিতির কারণে।
এখন কাজে বিরতি দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

