Logo
শিরোনাম

অক্টোবরে হুলুতে আসছে নুহাশ হুমায়ূন

প্রকাশিত:রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের জনপ্রিয় তরুণ নির্মাতাদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন নুহাশ হুমায়ূন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যান্থলজি, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্র সব কাজেই স্বতন্ত্র ছাপ রাখছেন তরুণ এ নির্মাতা। আন্তর্জাতিক মহলেও সমাদৃত নুহাশ। হরর ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি-এর জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। কেবল পুরস্কারেই সীমাবদ্ধ থাকেননি তিনি। আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম হুলুর জন্য কাজ করেছেন নুহাশ। হুলু যুক্তরাষ্ট্রের ওটিটি প্লাটফর্ম। ভারতীয় ওটিটি প্লাটফর্মগুলোয় বাংলাদেশী কনটেন্ট নিয়মিত মুক্তি পাচ্ছে। তবে নুহাশ হুমায়ূনের হাত ধরেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্লাটফর্মের মুক্তি পাচ্ছে বাংলাদেশী কনটেন্ট। এ নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, অক্টোবরে হুলুতে আমার কনটেন্টটা আসতে যাচ্ছে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রজেক্টটি করা হয়েছে। অফিশিয়ালি এ বিষয়ে আমরাই জানাব। এর আগে এ নিয়ে কিছু বলতে চাচ্ছি না।

কাজটা করার অভিজ্ঞতা কেমন ছিল এ নিয়ে নুহাশ বলেন, কাজ করার এক্সপেরিয়েন্স খুব ভালো। আমি আমার পুরো টিমকে নিয়ে অনেক খুশি। পুরো প্রডাকশনটা বাংলাদেশে হয়েছে। আমাদের দেশের অভিনেতা ও কলাকুশলীদের নিয়েই কাজটা সম্পূর্ণ হয়েছে। আমরা দেশেই শুটিং করেছি। নুহাশ হুমায়ূন ভিন্নধর্মী জনরা নিয়ে কাজ করেন। তার আন্তর্জাতিক কাজটি কোন জনরার জানতে চাইলে রহস্য উন্মোচন না করেই বলেন, কোন জনরার কাজ এটা তা কিছুদিন পরেই রিভিল করি, এখনই না। আর এটা ওয়েব সিরিজ নয় বরং একটি একক কনটেন্ট। সামনে আরো কাজ আসতে যাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে। সেটা ওটিটি কিংবা অন্যান্য মাধ্যমও হতে পারে।

কয়েক মাস আগে অ্যানোনিমাস কনটেন্ট প্রডাকশন কোম্পানি ও সিএএ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন নুহাশ হুমায়ূন। আসন্ন কাজ নিয়ে জানতে চাইলে এ নির্মাতা বলেন, মূলত প্রতিষ্ঠান দুটি আমার এজেন্ট ও ম্যানেজার। ওরা আমার টিমের সঙ্গে কাজ করছে। এ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কাজ আমাকে এনে দেবে। এরই মধ্যে একটি কাজ ঠিক হয়েছে। একটা আন্তর্জাতিক প্লাটফর্মে কাজটা আসবে কিন্তু কোথায় সেটা এখন না বলি। সামনে আন্তর্জাতিক আরো কাজ আসবে।

চুক্তিবদ্ধ এজেন্সির মাধ্যমেই হুলুর কাজটি করেছিলেন নুহাশ। তার এ নতুন যাত্রার সূচনা হুলুর নতুন কনটেন্ট দিয়ে হতে যাচ্ছে। হুলুর আসন্ন কাজটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন নুহাশ হুমায়ূন। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। এর পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নুহাশের নতুন কাজটিতে কারা অভিনয় করেছেন সেটিও জানা যাবে ঘোষণা আসার পর। তবে নুহাশ হুমায়ূনের নতুন পথচলা দেশের বিনোদন দুনিয়ার নতুন সূচনা সেটা বলা যেতেই পারে।

গত মাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ হরর বিভাগে পুরস্কার জিতেছে। এমনই নুহাশের মশারি অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিকশন বিভাগে পুরস্কার পেয়েছে। গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে নুহাশের এ শর্টফিল্ম। এর আগে অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতে নেয় মশারি। এছাড়া সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসব-এ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে পুরস্কৃত হয়েছে এটি। মশারি কান উৎসবের ফ্যান্টাস্টিক সেভেন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিল।

নিউজ ট্যাগ: নুহাশ হুমায়ূন

আরও খবর