
মুখ ভর্তি সাদা দাড়ি, মাথার কাঁচাপাকা চুলের মধ্য থেকে উঁকি দিচ্ছে টাক, চোখের নীচে কালি, চশমা চোখের চাউনিতে কেমন একটা উদাসীনতা। দেখলে চেনা কষ্টের যে এটা প্রসেনজিৎ। টলিউডের এভারগ্রিন এই তারকাকে এমন চেহারায় দেখলে থমকে যেতে হবে দর্শকদের। তবে এমনই অচেনা লুকে সামনে এলেন বুম্বাদা।
ছক ভাঙতে বরাবরই ভালোবাসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। অতনু ঘোষের আসন্ন ছবি ‘শেষ পাতা’র লুক সামনে আসতেই শুরু হয়ে গেছে হইচই।
নায়ক প্রসেনজিৎ তার অন্যতম পছন্দের পরিচালকের ছবিতে এমনই অচেনা লুকে ধরা দেবেন। যেখানে তার বয়সের ছাপ স্পষ্ট। ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর অতনু ঘোষের এই ছবিতেও মূল চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আনলেন পরিচালক। প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, গর্গী রায় চৌধুরী এবং বিক্রম চট্টোপাধ্যায়।

