
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না বাংলাদেশ। তাই এই ফরম্যাটে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নেতৃত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। অধিনায়কের পর এবার কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। আসন্ন এশিয়া কাপের আগেই রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এই ফরম্যাটের দলের সঙ্গে ডমিঙ্গো আর থাকছেন না, এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসাবে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। রোববার দেশে আসেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এশিয়া কাপে ভালো করলে তাকে দীর্ঘ মেয়াদে রাখার পরিকল্পনা করবে বিসিবি।
আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন না ডমিঙ্গো। এই ফরম্যাটের ক্রিকেটে দলের কোনো প্রধান কোচ আপাতত থাকছে না। তবে এই সময়ে বরাবরের মতোই বাকি দুই ফরম্যাটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই প্রোটিয়া।
পাপন বলেন, 'রাসেল ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না, সে তো ওয়ানডে আর টেস্ট। আমরা টি-টোয়েন্টিকে আলাদা করেছি। হেড কোচ বলতে এখানে (টি-টোয়েন্টিতে) কেউ নেই।'
বিসিবি সভাপতি বলেন, 'আমরা টি-টোয়েন্টির জন্য শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছি, এটাতো আগেই বলেছি আমরা। শ্রীরাম-রাসেলের সঙ্গে বসা হলো ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। আগামী তিন সপ্তাহের মধ্যে সে (ডমিঙ্গো) আমাদের পুরো পরিকল্পনা জানাবে। সে এনসিএল, 'এ' দলের খেলা দেখতে চায়, ভবিষ্যতের সম্ভাবনা কে কে আছে।'

