Logo
শিরোনাম

অবশেষে নিষ্পত্তি হচ্ছে ‘শালিক’ বিতর্ক

প্রকাশিত:সোমবার ২৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমার শালিক বিতর্ক নিয়ে দায়ের করা মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানালেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।

গতকাল রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের পক্ষ থেকে আপস নিষ্পত্তি করার আবেদন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ধারা ৪৩ অনুযায়ী মামলাটি আপসযোগ্য হওয়ায়, ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক গতকাল বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আদালত মামলাটি প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণপূর্বক শুনেছেন এবং পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন।

মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

এর আগে পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযোগ, সিনেমায় একটি শালিক পাখির সঙ্গে নির্মাতা সঠিক আচরণ করেননি।

এদিকে, দেশ মাতিয়ে হাওয়া একযোগে কানাডা ও আমেরিকার ১১৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর, যা বাংলা সিনেমার জন্য নতুন মাইলফলক।


আরও খবর