
অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটককে ৫ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পাশাপাশি তিন বেসরকারি অপারেটর রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে যথাক্রমে ২ কোটি, ৫০ লাখ ও ১৫ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি।
বিটিআরসি পরিচালিত বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানি শেষে এ জরিমানা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় বিভিন্ন অভিযানে ৫২ হাজার ৫২ হাজার ৩৪৪টি সিম জব্দ করে বিটিআরসি। এর মধ্যে টেলিটকের জব্দ করা সিমের সংখ্যা ৩২,৮৪৫টি। অন্যদিকে, রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের জব্দ করা সিমের সংখ্যা যথাক্রমে ১৬,৩৯০টি, ২,৩৫৬টি এবং ৭৫৩টি।
পরে কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভঙ্গ করার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী ও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মোপবাইল অপারেটরগুলোকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট অপারেটরগুলোকে কিছু নির্দেশনা মেনে চলার জন্য সতর্কও করেছে বিটিআরসি।
বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজের সই করা এসব চিঠি গত ৭ জুন সংশ্লিষ্ট অপারেটরগুলোকে পাঠানো হয়। আগামী ৩০ জুনের মধ্যে অপারেটরগুলোকে প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

