Logo
শিরোনাম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাহেদের বিচার শুরু

প্রকাশিত:সোমবার ১৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আগামী ২০ মে মামলাটিতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) এ মামলায় চার্জ গঠনের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এদিন সাহেদের আইনজীবী আদালতে আসামিকে নির্দোষ দাবি করে জামিন ও অব্যাহতি দিতে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন ও অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।

এর আগে সাহেদকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ ছাড়া সাহেদকে বিশেষ গাড়িতে করে আদালতে আনার আবেদনও নাকচ করে দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ নভেম্বর সাহেদকে সম্পদের হিসাব জমা দিতে ২১ কার্যদিবস বেধে দিয়ে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু পরে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হলেও সাহেদ সম্পদের বিবরণী জমা দেয়নি।

পরে গত বছরের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।


আরও খবর