Logo
শিরোনাম

নোয়াখালীর সেই চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় আজ

প্রকাশিত:সোমবার ০৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলার রায় আজ (সোমবার) ঘোষণা করবেন আদালত। সোমবার (৪ অক্টোবর) সকালে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীনের আদালতে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) সকালে আসামি দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী প্রকাশ আবু কালামের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদিন মামলাটির রায় প্রদান করবেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। পরে গত ১৮ আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু, বাদীপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল।

এদিকে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ২০২০ সালের ৬ অক্টোবর নির্যাতিতা ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও আবু কালামকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) হস্তান্তর করা হয়।

মামুনুর রশীদ লাভলু বলেন, মাত্র ১৩ কার্যদিবসে বাদীপক্ষের ১২ জন ও আসামিপক্ষের তিনজনসহ মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। এর আগে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অভিযোগপত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢোকেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু। রাত ১০টার দিকে দেলোয়ারের লোকজন ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজ করছে অভিযোগ তোলেন এবং ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। তবে তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।

এর আগে ওই গৃহবধূর ঘরে ও বিভিন্ন স্থানে নিয়ে দেলোয়ার তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই বছরের ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।



আরও খবর