Logo
শিরোনাম

নিউ জিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২০ আগস্ট ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা একটু লড়াই করেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু পাত্তা পায়নি নিগার সুলতানার দল। নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারা নিউ জিল্যান্ড পেল প্রথম জয়।

সুজি বেটস প্রথমবার হোম গ্রাউন্ডে নেমে হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি অপরাজিত ছিলেন ৮০ রানে। অন্য প্রান্তে তার সঙ্গে শতরানের জুটি গড়তে সহায়তা করেন অ্যামেলিয়া কার, ৪৩ রানে খেলছিলেন তিনি। ৪২ বল হাতে রেখে দুর্দান্ত জয় পায় তারা।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান সালমা খাতুন। নিউ জিল্যান্ডের ৩৬ রানের জুটি ভাঙেন তিনি সোফি ডিভাইনকে ১৪ রানে বোল্ড করে। স্বাগতিকরা ১ উইকেটে ১৪৪ রান করেছে ২০ ওভারে।

ডানেডিনে নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ পুনর্নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে। ফারজানা হকের ৫২ রানের ইনিংসে নিউ জিল্যান্ডকে তারা ১৪১ রানের লক্ষ্য দেয়।

নিউ জিল্যান্ডের পক্ষে অ্যামি স্যাটার্থওয়েট সর্বোচ্চ তিন উইকেট নেন। এর মধ্যে ১৫তম ওভারে তার জোড়া আঘাতে নিগার সুলতানা (১১) ও রুমানা আহমেদ (১) বিদায় নেন। ৫৯ থেকে ৮১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ একশ পেরোয় ফারজানা ও সোহানা মোস্তারির ২৭ রানের জুটিতে। মোস্তারি ১৩ রানে আউট হলে ভাঙে এই জুটি। ফের উইকেট দ্রুত পড়ে যায় বাংলাদেশের।

ফারজানা হাফ সেঞ্চুরি করার পরপর আউট হয়ে যান। শেষ দিকে লতা মন্ডল (৯) ও সালমা খাতুনের (৯) ইনিংস বাংলাদেশকে স্বস্তিদায়ক স্কোর এনে দেন।

নিউজ ট্যাগ: নারী বিশ্বকাপ

আরও খবর