Logo
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

নিরপেক্ষতা বজায় রাখায় বাংলাদেশের প্রতি রাশিয়ার কৃতজ্ঞতা

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের জরুরি অধিবেশনে প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রুশ দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের এক প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, ওই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। যা সত্যিই প্রশংসনীয়।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার জন্য নয়, বাংলাদেশসহ সবার জন্য হুমকি তৈরি করেছে। এ পরিস্থিতি সামাল দিতে এবং নির্বিঘ্নে বহুমাত্রিক সহযোগিতা এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী মস্কো। এজন্য বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে বার্টার বাণিজ্যের পাশাপাশি তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা গ্রহণের মতো নানা বিকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে।

রুশ রাষ্ট্রদূত আরো বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য কমানো নয়, বাড়াতে আগ্রহী। এ মুহূর্তে পশ্চিমা অনেক প্রতিষ্ঠান তাদের সরকারের চাপে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে।যা আমাদের বাংলাদেশের অংশীদারদের জন্য এক দারুণ সুযোগ তৈরি করেছে।


আরও খবর