
ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে পাওয়া দুটি মরদেহের ফরেনসিক পরীক্ষার পর দেশটির পুলিশ নিশ্চিত করেন যে, একটি মরদেহ ব্রিটিশ সাংবাদিক ডম ফিলিপসের। তারা জানায়, দাঁত পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় মরদেহটি আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরার। এখনো মরদেহটির শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,
৫৭ বছর বয়সী ফিলিপস এবং ৪১ বছরের পেরেইরা নিখোঁজের খবর আসে গত ৫ জুন। চলতি সপ্তাহের
শুরুতে সন্দেহভাজন একজন তাদের লাশ দাফনের কথা স্বীকার করেন। সন্দেহভাজন ব্যক্তির নাম
অ্যামারিল্ডো ডা কোস্টা ডি অলিভেরা।
পুলিশ জানায়, জেলে থাকা অবস্থায় দুজনকে কীভাবে হত্যা ও দাফন করা হয়েছে তা জানিয়েছেন অ্যামারিল্ডো। সন্দেহভাজন অ্যামারিল্ডোর ভাই ওসিনি ডা কোস্টা ডি অলিভেরাকেও এই হত্যার সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে। যদিও এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ওসিনি।
ব্রিটিশ ফ্রিল্যান্স সাংবাদিক ফিলিপস একটি
বই লেখা ও গবেষণার জন্য অ্যামাজনে যান। তার সঙ্গে ছিলেন আদিবাসী বিশেষজ্ঞ ব্রুনো পেরেইরা।
ব্রুনো আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাইয়ের সাবেক প্রধান।

