Logo
শিরোনাম

নেতাকর্মীরা মাস্ক না পরায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

প্রকাশিত:শনিবার ১৯ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দলের নেতাকর্মীরা মাস্ক না পরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৮ মার্চ) জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকক্ষণ থেকে লক্ষ করছিঅনেকের কাছে মাস্ক নেই। তারা পরেনি। নিজেকে এভাবে শঙ্কার মধ্যে ফেলার কী অর্থ হতে পারে?

বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনা সভার শেষের দিকে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের মাস্ক না পরার প্রসঙ্গটি টানেন। তিনি বলেন, আজ আমি একটি বিষয় লক্ষ করছিকেউ মাস্ক পরেননি। এ সময় কেউ কেউ মাস্ক পকেটে রেখেছেন জানালে জবাবে প্রধানমন্ত্রী বলেন, পকেটে রাখলে তো হবে না। মাস্ক পরতে হবে। নিজের সুরক্ষা নিজের কাছে। করোনার প্রকোপ কমেছে ঠিকই কিন্তু এখনও এর প্রাদুর্ভাব সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। আমরা দক্ষতার সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আমরা সবকিছু খুলে দিয়েছি। স্কুল চালু করে দিয়েছি। আপনার সুরক্ষা আপনাকে নিতে হবে। ভালো ও সুস্থ থাকতে চাইলে এই ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে। সেই কথাটি সবার মনে রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমার অনুরোধ থাকবেমিটিংয়ে থাকেন, কথা বলেন, স্লোগান দেন- ঠিক আছে। সঙ্গে স্বাস্থ্য সুরক্ষাটাও কিছু মেনে চলেন। এটা নিজের জন্য ভালো হবে। সবার জন্য ভালো হবে।

সরকার প্রধান বলেন, ভ্যাকসিন আমরা দিয়ে দিয়েছি। প্রায় ৭৩ শতাংশ মানুষ টিকা পেয়ে গেছেন। সেই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে।

তিনি বলেন, আজকে শবে-বরাতের রাত। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। নিজের জন্য কেবল নয়, দেশবাসীর জন্যও। করোনাভাইরাসের হাত থেকে আমরা যেন সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারি। প্রসঙ্গত, এর আগেও একাধিক অনুষ্ঠানে উপস্থিত অনেকের মাস্ক না পরার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন। 


আরও খবর