Logo
শিরোনাম

নাটক করতে বিএনপি দুদকে: তথ্যমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ৩০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। সত্যিকার অর্থে বিএনপি নাটক করতেই দুর্নীতি দমন কমিশনে গেছে। সোমবার (১১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পিআইবি সোহেল সামাদ সাংবাদিকতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারের উচ্চপদস্থদের বিরুদ্ধে দুদকে বিএনপির অভিযোগ দাখিল করা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমি টেলিভিশনে দেখলাম, দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তাদের পক্ষ থেকে আলাল-দুলালরা দুদকে গিয়েছে। আমি মনে করি, দুদক বরং তাদের জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাট হয়েছে এবং তাদের কারণে কীভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সে তথ্যটা পাবে। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের বিষয়ে প্রশ্ন করলে ড. হাছান তার জামিনে সন্তোষ প্রকাশ করে বলেন, হৃদয় মণ্ডলের পুরো ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। তিনি জামিনে মুক্তির পরও বলেছেন, তার বিরুদ্ধে সেখানকার শিক্ষকদের একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র হয়েছে। আমি মনে করি, এর পেছনে আরও কারও হাত থাকতে পারে।

বিএনপি মহাসচিব পাকিস্তানের নির্বাচন পদ্ধতিকে গণতন্ত্রের আদর্শ বলেছেনএ বিষয়ে মন্ত্রী বলেন, আমরা এতদিন ধরে বলে আসছিলাম বিএনপি এবং তার মিত্রদের কাছে পাকিস্তানই হচ্ছে আদর্শ। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন, দেশটাকে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে, কিন্তু পারেননি। তারা যে এখনও পাকিস্তানকে অনুসরণ করেন, দেশটাকে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চান, সেটি মির্জা ফখরুল সাহেব গতকাল খোলসা করেছেন।

এর আগে তিনি সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের হতে পিআইবি-সোহেল সামাদ পুরস্কার-২০২০ এর সম্মাননা স্মারক, অভিজ্ঞানপত্র ও চেক তুলে দেন। তথ্য সচিব মকবুল হোসেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, পিআইবি-সোহেল সামাদ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


আরও খবর