
বালিগঞ্জ সার্কুলার রোডের বহুতল আবাসন। সেখানেই টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর
বাস। পাওলি দাম। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন হিন্দি কাজ ‘কর্ম যুদ্ধ’। আপাতত পুজার ছুটি। রবিবার সকাল থেকে তাঁর নিশ্বাস ফেলার সময় নেই। লক্ষ্মীপুজা
বলে কথা! বাড়ির পুজো তো রয়েছেই, সঙ্গে আবার আবাসনের পুজা।
সকাল থেকে কেমন প্রস্তুতি চলছে? তিনি বলেন, সকাল থেকে নয়, গতকাল রাত থেকেই প্রস্তুতি
শুরু হয়ে গিয়েছে। সবকিছু তত্ত্বাবধান করা একটা বিশাল কাজ। ভোগ হচ্ছে। খিচুড়ি, ৫ রকম
ভাজা, পায়েস, চাটনি। নাড়ুও তৈরি করতে হবে।
পাওলির কথায় এটা স্পষ্ট যে তিনি যতই টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী হন না কেন,
এই দিনটিতে তিনি শুধুই বাড়ির বউ। মায়ের দেওয়া হলুদ শাড়ি পরেই পুজায় সাজবেন নায়িকা।
বাড়ির পুজা মিটিয়ে তার পর আবাসনের পুজাতেও যোগ দেবেন সকলের সঙ্গে। রাত পোহালেই তো
আবার নিজের পুরনো রুটিনে ফেরার পালা।

