
সর্বশেষ টেস্ট
খেলেছিলেন দেড় বছর আগে। টেস্টের প্রতি মোস্তাফিজুর রহমানের আগ্রহ নেই, ব্যাপারটাও স্পষ্ট।
তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের সিরিজে আছেন তিনি। এই সিরিজ দিয়েই তৃতীয় দফায়
টেস্টের অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান।
অ্যান্টিগায় ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই
এসেছে মোস্তাফিজুর রহমান প্রসঙ্গ, দীর্ঘ মেয়াদে এই পেসারকে কি টেস্টে চান সাকিব? তার
সোজা উত্তর, আপাতত নজরটা দুই ম্যাচেই। সঙ্গে মোস্তাফিজ শুধু বাকি দুই ফরম্যাট খেলতে
চাইলে সেটাও সম্মান করা উচিত বলে মনে করেন নতুন টেস্ট অধিনায়ক।
তিনি বলেছেন,
‘দেখুন একেকজনের প্রেফারেন্স একেক রকম থাকতে
পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নাই। মোস্তাফিজ যদি প্রেফার করেও ওয়ানডে এবং
টি-টোয়েন্টি খেলতে চায়, এবং ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাই আমাদের
সম্মান করা উচিত। ’
তবে মোস্তাফিজ
যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন, মনে করিয়ে দিয়েছেন সাকিব, ‘যেহেতু সে এই সিরিজে আছে, আমার মনে হয়
নিশ্চিত ও মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। এবং এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
’
‘অধিনায়ক হিসেবে
আমি যদি দুই ম্যাচের কথা চিন্তা করি, আমি এটার দিকে ফোকাস করতে চাচ্ছি এবং আমি নিশ্চিত
ও খুবই মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। কিন্তু আপনি যদি দীর্ঘ পরিসরের কথা বলেন,
আমি জানি না ওর মনে কি আছে, টেস্ট খেলতে চায় কি না-চায়। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই
আলাদা আলাদা কিছু প্রেফারেন্স থাকে, পছন্দ থাকে, কমফোর্টজোন থাকে। সেটাকে সম্মান করা
উচিত। ’
এখন অবধি ১৪ টেস্ট
খেলে ৩০ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৭ রান দিয়ে ৪ উইকেট তার এক ইনিংসের সর্বোচ্চ।
অবশ্য দীর্ঘদিন পর লাল বল হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৩ উইকেট
নেন তিনি।

