Logo
শিরোনাম

মজুরি বাড়ানোর দাবিতে ২৪১ চা-বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে বর্তমানে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম হওয়ায় চা-শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা বাগানে ৩ দিনের কর্মবিরতি চলছে। মঙ্গলবার (৯ আগস্ট) সব চা-বাগানে এক যোগে এই কর্মবিরতি শুরু হয়।

শুধু কর্মবিরতিই নয়, ২৪১ চা বাগানের শ্রমিকেরা তাদের নিজ নিজ বাগানে করছেন বিক্ষোভ মিছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা এই কর্মবিরতি পালন করবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় ও বাগানগুলোর যৌথ সিদ্ধান্তে এ কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল। তিনি বলেন, এই কর্মসূচি সফল করতে আমরা গত ২ দিনে চা-বাগান পঞ্চায়েতের সঙ্গে মতবিনিময় সভা করেছি।

চা-শ্রমিকের দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবি অনেক দিনের, উল্লেখ করে তিনি আরও বলেন, মালিকপক্ষ ইতোমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাহলে মজুরি দাঁড়াবে ১৩৪ টাকা। এ দিয়ে একজন শ্রমিক কীভাবে চলবে?

সারাদিন পরিশ্রম করেও এক লিটার পেট্রোলের দাম হয় না, বলে মন্তব্য করেন এই শ্রমিক নেতা।

সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগানের চা-শ্রমিক সুলেখা বাউরী বলেন, আমাদের ৫ জনের সংসার। ১০০ টাকায় মাত্র ২ কেজি চাল কিনতে পারি। অথচ দৈনিক মজুরি ১২০ টাকা। অনেক কষ্টে আছি। বেশিরভাগ সময় উপোষ থাকতে হয়।

সিলেট বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম বলেন, চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি মূলত মালিক পক্ষ ও চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হয়ে থাকে। সেখানে আমরা প্রভাব খাটাতে পারি না। তারা যদি আমাদের কাছে বিচারপ্রার্থী হয় সেক্ষেত্রে আমরা ২ পক্ষকে নিয়ে আলোচনা করে মিমাংসা করতে পারি।


আরও খবর