Logo
শিরোনাম

মিরসরাইয়ে যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের মিরসরাইয়ে শহীদুল ইসলাম আকাশ (২৪) নামের এক যুবলীগকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের ইনতিরহাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আকাশকে হত্যা করেছেন।

আকাশ হিঙ্গুলী ইউনিয়নের চেঙ্গিরা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। ইনতিরহাট বাজারে তার একটি ফার্নিচারের দোকান রয়েছে।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম বলেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইনতিরহাট বাজারে নিজের ফার্নিচার দোকানের সামনে দুর্বৃত্তদের অতর্কিত হামলার মুখে পড়েন আকাশ। এ সময় কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খায়রুল আলম আরও বলেন, আকাশ যুবলীগ করতেন। স্থানীয় কয়েজনের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই সোমবার (১৯ সেপ্টেম্বর) তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


আরও খবর