
নারায়ণগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মামলার আবেদন গ্রহণ করে জেলা গোয়েন্দা
শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।২২ ডিসেম্বর করা আবেদন বৃহস্পতিবার
(৩ ফেব্রুয়ারি) আমলে নেয় আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালত মামলাটি গ্রহণ করে শুনানি শেষে জেলা
গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। তার সাথে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর
(অব.) শহীদুল ইসলাম খান, মো: নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ,
জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো: তিতুমীর আকাশ ও সাংবাদিক
ইলিয়াস হোসেন।
এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল
হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মোয়াজ্জেম
হোসেন আলালসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। আদালত আজ মামলাটি
গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, মোয়াজ্জেম হোসেন আলালসহ
বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। প্রধানমন্ত্রীকে
নিয়ে কুৎসা রটনা করা একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না।
এর আগে গত ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা
প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আকরাম হোসেন বাদল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
শামসাদ বেগমের আদালতে মামলার এ আবেদন করেছিলেন।

