
স্বপ্নের মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা দুইটা ১০ মিনিটে ট্রেনটি আগারগাঁওয়ে পৌঁছায়।
এর আগে রাজধানীর উত্তরা থেকে ১টা ৫৩ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী ছিলেন। এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২ শতাধিক মানুষ।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এর আগে বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান তিনি।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি ধাপে এগিয়ে নিতে পারলাম। যার নাম হচ্ছে মেট্রোরেল।

