
ক্যারিয়ারে অগুণতি রেকর্ড গড়েছেন লিওনেল
মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়কের রেকর্ডের সেই সাম্রাজ্যে বেশ কিছু হানা পড়তে শুরু
করেছে শেষ কিছু দিনে। সবশেষ হানাটা পড়েছে তার বন্ধু লুই সুয়ারেজের। উরুগুইয়ান এই ফরোয়ার্ডের
কাছেই আরও একটা রেকর্ড হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়ে গেছে মেসির।
দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে
বেশি গোলের রেকর্ডটা এতদিন ছিল মেসির দখলে। সেই রেকর্ডটাই এবার পড়ে গেছে ভাঙনের মুখে।
গত শুক্রবার সকালে উরুগুয়ের একমাত্র গোলটি করে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন মেসির, দলকে
এনে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ জয়। এর ফলে উরুগুয়ের বিশ্বকাপ আশাও টিকে রইলো ভালোভাবেই।
সুয়ারেজ নিশ্চয়ই এই গোলটাকে ব্যক্তিগতভাবেও
মর্যাদা দেবেন বেশ। এই গোলটাই যে রেকর্ডে ভাগ বসাতে সাহায্য করেছে তাকে, পাশে এনে বসিয়েছে
মেসির! বিশ্বকাপ বাছাইপর্বে দুই তারকার গোলই
এখন সমান ২৭টি করে। সুয়ারেজ অবশ্য খেলেছেন একটি বেশি ম্যাচ। তিনি খেলেছেন ৫৯টি ম্যাচ,
আর মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৫৮ ম্যাচে।
সুয়ারেজের সামনে এখন মেসির সেই রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার হাতছানি। কারণ মেসি চলতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলছেন না, করোনা থেকে সেরে উঠে তিনি সেরা ফর্ম ফিরে পেতে পিএসজিতেই করছেন অনুশীলন। ওদিকে আগামী মঙ্গলবার সকালে নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবেন সুয়ারেজরা। সেই ম্যাচে গোল করলেই মেসিকে দুইয়ে ঠেলে তিনি বনে যাবেন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।

