Logo
শিরোনাম

মীনা শক্তি, সাহস ও প্রেরণার প্রতীক: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রকাশিত:শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিটি শিশুর কাছে মীনা একটি শক্তি, সাহস ও প্রেরণার প্রতীক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, মীনা সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে। কারণ শিক্ষাই তাকে দেবে কাংখিত মুক্তি; পূরণ করবে অগুনতি স্বপ্ন। আর শিক্ষার আলোয় প্রতিগৃহ রাঙাতে কাজ করছে সরকার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা পিটিআইতে মীনা দিবস-২০২২ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সচিব এ কথা বলেন।

আমিনুল ইসলাম খান বলেন, মানব সম্পদ উন্নয়নের প্রধানতম হাতিয়ার শিক্ষা। শিশুদের জন্য আলোকিত আগামী নির্মাণ করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তাই মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে জাতির ভিত গড়ার কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি সবাইকে এ উদ্যোগে সামিল হবার আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দীলিপ বণিক প্রমুখ।

প্রসঙ্গত, সরকার প্রতিবছর ২৪ সেপ্টেম্বর ইউনিসেফ ঘোষিত মীনা দিবস পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা। এ উপলক্ষে আলোচনা, মেলা, পাপেট শো, গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।


আরও খবর