Logo
শিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ সোমবার (৪ এপ্রিল)। আজ যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। এ নিয়ে আজ বিশেষজ্ঞদের দুটি দল একত্রে বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ১ এপ্রিল এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। দেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

দেশে সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসন রয়েছে। এর বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। সবশেষ শুক্রবারের পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন। অর্থাৎ এবছর আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি চার হাজার ১৭৫ জন।

বিষয়টি নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, সোমবার (৪ এপ্রিল) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ। এদিন যে কোনো সময় ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

নিউজ ট্যাগ: মেডিকেল কলেজ

আরও খবর