
মার্কিন বিমান
হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইরাক সীমান্তবর্তী এলাকায় ইরান মদদপুষ্ট মিলিশিয়া বাহিনীর
পাঁচ জন নিহত হয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর।
মার্কিন যুদ্ধবিমানের
বোমায় সিরিয়া-ইরাক সীমান্তবর্তী একটি এলাকার সিরিয়া অংশে ইরান মদদপুষ্ট ইরাকি মিলিশিয়া
বাহিনীর পাঁচ যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমনটি জানিয়েছে।
অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ একটি শিশুসহ চার জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
এর আগে রবিবার
সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইরাক-সিরিয়া
সীমান্ত এলাকায় ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনায় আত্মরক্ষামূলক বিমান হামলা
চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

