Logo
শিরোনাম

মার্কিন ৫১ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

প্রকাশিত:রবিবার ০৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের ৫১ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে জড়িতদের বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তেহরানের এমন পদক্ষেপের পাল্টা কোন প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

ইরানজুড়ে এখনো চলছে জেনারেল সোলাইমানি হত্যার দ্বিতীয় মৃত্যু বাষির্কীর আয়োজন। বিভিন্ন প্রদেশে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন সাধারন মানুষ। শনিবার (৮ জানুয়ারি) ইরানবাসীদের জন্য একটুখানি স্বস্তির খবর দিলো দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

এক বিবৃতিতে তারা জানায়, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা মার্কিন কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে তা ইরানি কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারবে।

ইরানের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি, হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন। একই অভিযোগে এক বছর আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেহরান।

গত সপ্তাহেই সোলাইমানি হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে এই হত্যাকাণ্ডের জন্য ট্রাম্পকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি।

২০২০ সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী।


আরও খবর