Logo
শিরোনাম

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত জাপানি নারী কানে তানাকা। স্থানীয় কর্মকর্তারা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর সিএনএন ও সিবিএস নিউজের।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ১৯ এপ্রিল কানে তানাকা মারা যান। ১৯০৩ সালের ২ জানুয়ারি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি।

কিছুদিন আগেও তানাকা তুলনামূলকভাবে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি একটি নার্সিং হোমে থাকতেন। সেখানে তিনি বোর্ড গেমস এবং গণিতের সমস্যা সমাধান করতেন। চকলেট ছিল তাঁর খুব পছন্দের।

এক সময় নুডলসের দোকান, কেকের দোকানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তানাকা। এক শতক আগে ১৯২২ সালে তিনি হিদেও তানাকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার সন্তানের জন্মের পর আরেকটি শিশু দত্তক নেন তিনি।

হুইলচেয়ার ব্যবহার করে ২০২১ সালের টোকিও অলিম্পিকের টর্চ রিলেতে অংশ নিতে চেয়েছিলেন কানে তানাকা। কিন্তু মহামারির কারণে তাঁর সেই পরিকল্পনা ভেস্তে যায়।

২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার জীবনের সবচেয়ে সুখী মুহূর্ত কোনটি ছিল। তার উত্তর ছিল, এখন’।


আরও খবর