
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ হলো জনতার দল, মাঠ ময়দানে আন্দোলন সংগ্রামের দল। আওয়ামী লীগ শান্তি সৃষ্টি করে, শান্তি সৃষ্টির লক্ষ্যে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সবসময় কাজ করে। জনগণকে নিয়ে যেকোনো অন্যায়, অবিচার অথবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড যারা করে, যারা জীবন নিয়ে ছিনিমিনি করতে চাইবে, যারা মানুষের জীবনকে লাশ বানিয়ে ফায়দা লুটতে চাইবে, তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ।
বাহাউদ্দিন নাছিম বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস চালিয়ে, বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মেরে ছিল, তারাই আবার সেই কায়দায় সন্ত্রাস সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। যেখানেই সন্ত্রাস হবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করবে। এদের রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। প্রস্তুত থাকবে। এই মুহূর্তে আমরা সম্মেলন নিয়ে ব্যস্ত। প্রতিদিন আওয়ামী লীগের জনসভাগুলো জনসমাবেশে রূপ নিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা শোনার আগ্রহ দেখাচ্ছে জনসাধারণ।

