
লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়নের পরিকল্পনা করছেন মিশরের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। দেশটির ক্রীড়ামন্ত্রী আশরাফ সোভি এ তথ্য ফাঁস করেছেন।
তিনি বলেন, ‘গত সপ্তাহের সোমবার সেনেগালের বিপক্ষে মিশরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ম্যাচটিতে ভালো ফলাফল করতে পারিনি আমরা। ফলে কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না সালাহর। তাকে সান্ত্বনা দিতে সেনেগালিজ বিমানবন্দরে তার সঙ্গে দেখা করেছিলাম আমি। তখনই বিষয়টি জানতে পারি। আমি সালাহকে বলেছিলাম, এ নিয়ে সবকিছু ভুলে যাও। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, লিভারপুল ছেড়ে অন্য ক্লাবে চলে যাও। সেখানেই বরং দীর্ঘদিন ক্যারিয়ার গড়। কিন্তু সে অলরেডদের সঙ্গে চুক্তি নবায়নের পরিকল্পনার কথা জানায়।’
২০২৩ সালের গ্রীষ্মে অনফিল্ডে সালাহর চুক্তির মেয়াদ শেষ হবে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, বার্সেলোনায় যোগ দিচ্ছেন তিনি। এ নিয়ে দুই পক্ষের কথাবার্তাও এগিয়েছে বেশ খানিক দূর। তবে একে কানাঘষা বলে উড়িয়ে দেন সোভি। লিভারপুল কোচ জার্গেন ক্লপের কণ্ঠেও একই সুর ভেসে ওঠে। তিনি বলেন, ‘২৯ বছর বয়সী ফুটবলারের সঙ্গে ক্লাবের চুক্তির অবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। কারণ, সেখানে নতুন করে বলার মতো কিছুই নেই। এটি ভালো দিক। দুই পক্ষ একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে। আর এটিই আমি চেয়েছিলাম।’
শোনা যাচ্ছে, সালাহ-অলরেডরা নতুন করে একটি চুক্তিতে উপনীত হতে যাচ্ছে। এতে ক্যারিয়ারের শেষ পর্যন্ত লিভারপুলেই কাটাবেন তিনি।

