
‘লাভ ইন ইউক্রেন’ ছবির তিন অভিনেতা নিখোঁজ রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রুশ অভিনেত্রী লিজাবেটাও ইউক্রেন সীমান্তে আটকে আছেন। সিনেমার প্রচারের জন্য তাঁকে ভারতে আনা সম্ভব হচ্ছে না। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা নীতিন কুমার গুপ্ত।
সাক্ষাৎকারে নীতিন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয় ইউক্রেনে। সেখানে শুটিংয়ের সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হবে, তখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমাদের অনেক সহযোগিতা করেছিলেন। তিনি আমাদের শুটিংয়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন।’ নীতিন আরও বলেন, সিনেমার কিছু অংশের শুটিং রাশিয়াতেও করার পরিকল্পনা ছিল তাঁদের। যুদ্ধের কারণে সেই পরিকল্পনা বদলাতে হয়েছে।
কিয়েভ সিটি সেন্টারসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ‘লাভ ইন ইউক্রেন’ সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটিতে একজন ভারতীয় ছাত্রের গল্প দেখানো হয়েছে, যে একজন রুশ তরুণীর প্রেমে পড়ে। মেয়েটির বিয়ে ঠিক হয় এক মাফিয়া পরিবারে। প্রযোজক জানিয়েছেন, বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে। বলিউডের এই সিনেমায় দেখা যাবে নতুন নায়ক বিপিন কৌশিককে। তিনি রুশ অভিনেত্রী লিজাবেটার বিপরীতে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন ইউক্রেনীয় অভিনেতা এনকেজি, মিখাইল স্ট্রিগা, লোলিতা ঝুরাভলোভা, রোমান ব্যাট্রিন, রুসলান সেফেরভ, ওলেস দিমিত্রেঙ্কো, ইরমা বালান, কনস্ট্যান্টিন শিরিয়ায়েভ, ভ্লাদিমির ডিডেনকো এবং সের্গেই প্যাচেনিচনিও।
এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে ইউক্রেনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির চিহ্ন হিসেবে এই সিনেমা ইউক্রেনেও মুক্তি পাবে। আর সিনেমাটি দেখানোও হবে বিনা মূল্যে। সিনেমার পরিচালকের বক্তব্য, যুদ্ধের ফলে ইউক্রেনের অবস্থা এখন ভয়াবহ। তবে এই সিনেমায় ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বিধ্বস্ত ইউক্রেনে ভালোবাসা ফিরিয়ে আনবে এই সিনেমা। বিবেক ফিল্মস প্রোডাকশন হাউসের এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ মে।

