
কয়েক ঘণ্টার মধ্যে বিপুল সম্পদ হারালেন
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গত কয়েক ঘণ্টায় তার সম্পত্তির পরিমাণ কমেছে
৬০০ কোটি ডলার। সোমবার রাত থেকে বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভ্রাট এবং সম্প্রতি
এক কর্মী (হুইসলব্লোয়ার) ফেসবুকের নীতি নিয়ে সমালোচনা করার পর এই অর্থ কমেছে জাকারবার্গের।
এই বিপুল পরিমাণ অর্থ কমে জাকারবার্গের
সম্পত্তি বর্তমানে ১২ হাজার ১৬০ কোটি ডলার। কিন্তু এই সম্পদ হারানোয় বিশ্বের ধনী ব্যক্তিদের
তালিকায় কয়েক ধাপ নেমে যেতে হয়েছে তাকে। ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা
অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে গিয়েছেন তিনি। রয়েছেন পঞ্চম স্থানে।
গত ১৩ সেপ্টেম্বর থেকে ওয়াল স্ট্রিট জার্নাল
একগুচ্ছ প্রতিবেদন প্রকাশিত করেছে। সেই সব প্রতিবেদনে উঠে এসেছে ফেসবুকের নানা পণ্যে
বিভিন্ন সমস্যার বিষয়গুলো। যেমন, ইনস্টাগ্রাম কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর কী
বিরূপ প্রভাব ফেলছে, বা জানুয়ারিতে ভারতের রাজধানী দিল্লিতে দাঙ্গা সম্পর্কে ভুল তথ্য
দেওয়া এবং তথ্য গোপন করা। সেই প্রতিবেদনগুলোতে লেখা হয়েছে, নিজের সংস্থার বিভিন্ন পরিষেবার
সীমাবদ্ধতার ব্যাপারে জানা সত্ত্বেও সেসব নিরসন করতে উদ্যোগী নয় জাকারবার্গের সংস্থা।
এই পরিস্থিতিতে সোমবার
রাত ৯টা থেকে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াসটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। প্রায়
ঘণ্টা সাতেক বন্ধ থাকার পর স্বাভাবিক হয় তাদের পরিষেবা।

