
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া কিংবা নির্দেশনা অমান্য করায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে ডিএমপির ৮টি বিভাগে একযোগে অভিযান চালানো হয়। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৫৫৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে।
পঞ্চমদিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৯৭ টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। আগামী ৫ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করা হবে।

