Logo
শিরোনাম

করোনায় চার মাস পর সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারি করোনাভাইরাসে চার মাস পর মৃত্যু দেখলো দেশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২০টি ল্যাবে ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৭৭৫টি। করোনা শনাক্তের হার চার দশমিক ৪১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ২১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ সাতজন ও নারী ১৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬০৫ জন ও নারী নয় হাজার ৮০৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন ও ময়মনসিংহ একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭ জন ও বেসরকারি হাসপাতালে চারজন মৃত্যুবরণ করেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।


আরও খবর