
কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জাহাজের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন নৌ-পুলিশের সদস্যরা। নিহতরা হলেন- জাহাজের গ্রিজার (ইঞ্জিন রুমে ইঞ্জিনিয়ারের সহকারী) প্রদীপ এবং লসকর রাকিবের বাবা মোতালেব। মারা যাওয়া মোতালেব ছেলের কাছে বেড়াতে এসেছিলেন।
চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এই জাহাজে মোট ২১ জন ছিলেন। ১৩ জন জেটিতে উঠতে সক্ষম হলেও ৭ জন ডুবে যায়। এ ঘটনায় বুধবার দিনগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ২ জনের মরদেহ জাহাজের ভেতর থেকে শনিবার উদ্ধার করা হলো। উদ্ধার হওয়া ২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে, উদ্ধার হওয়া ৫ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়। তারা হলেন— ওই জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা সাইফুল ইসলাম, ফিশ মাস্টার জহির উদ্দিন ও ডক কর্মচারী রহমত আলী।
এছাড়া বুধবার রাতে ওই জাহাজের ডুবুরি মো. ফয়সাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। তিনি দুর্ঘটনার সময় গুরুতর আহত হয় বলে জানান সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ।

